শিরোনাম ::
শিরোনাম ::

দায়িত্ব ছাড়লেন ঢাবির সহকারী প্রক্টরের শেহরীন মোনামী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জানান, তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে শিক্ষকতা জীবনে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার বিষয়ে নিজের অনাগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

তিনি লেখেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও আগে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্বটি গ্রহণে আগ্রহী হয়ে ওঠেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নিজের সামর্থ্য নিয়ে সংশয় থাকলেও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আগ্রহ থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি আরও লেখেন, নিজের বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বান উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না।

সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে শেহরীন মোনামী বলেন, তার কাছ থেকে তিনি ধৈর্য, সংকট মোকাবিলা এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনের শিক্ষা পেয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাইফুদ্দীন আহমদ এবং তার টিমও সেই পথ অনুসরণের চেষ্টা করেছে।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তিনি কতটা সফল হয়েছেন, সেই মূল্যায়ন তিনি নিজে করতে চান না। তবে একটি দক্ষ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ওই সময়ের পরিস্থিতি ছিল অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রক্টর টিমকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে নাও হতে পারে।

নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি বলেন, অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে কাজ করা তার জন্য সম্মানের বিষয় ছিল এবং নতুন দায়িত্বপ্রাপ্ত টিমের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন